সৌদি আরবের বিরুদ্ধে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ পরিষদের সব সদস্যরাষ্ট্রের বিরল ঐকমত্যের ভিত্তিতে এই নিন্দা জানানো হয় বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।নিরাপত্তা পরিষদের চলতি সভাপতির দায়িত্বে থাকা জাতিসংঘে নিযুক্ত ফরাসি প্রতিনিধি জেরোম বোনাফো এক যৌথ বিবৃতিতে বলেন, সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানায় নিরাপত্তা পরিষদের সদস্যরা। বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এসব হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন।বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক সনদ পুরোপুরি মেনে চলার পাশাপাশি আন্তর্জাতিক জলসীমায় বাধাহীন নৌচলাচলের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে জোর দিয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।