যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টদের বৈঠক করা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে কর্তৃত্ববাদী শাসকদের সঙ্গে বৈঠকগুলো অদ্ভুত এক মাত্রা পায়। কারণ, তিনি তাদের সঙ্গে কেবল কূটনৈতিক সম্পর্ক বজায় রাখেন না, বরং বন্ধুর মতো আচরণ করেন। অনেকের মতে, এটি সমস্যা। আবার কারও কারও মতে, এর মধ্য দিয়ে ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দিচ্ছেন ট্রাম্প।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ চীনে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকেও এই অস্বস্তিকর পরিস্থিতি আবার দেখা যেতে পারে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠক করে কর্তৃত্ববাদী তিন নেতার সঙ্গে সাক্ষাতের একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করতে চান ট্রাম্প।
শেনজেনে তিন নেতার এই ত্রিপক্ষীয় বৈঠকের প্রতীকী তাৎপর্য বেশ স্পষ্ট। তিনটি বৃহৎ শক্তিই নিজেদের বৃহত্তর ভৌগোলিক অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার দাবি করে। তাদের এই বৈঠক ছোট ও অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোকে বাদ দিয়ে নিজেদের প্রভাব ও কর্তৃত্বের বার্তা দেবে।
ট্রাম্প যদি মুক্ত বিশ্বের নেতা হিসেবে নির্মম শাসকদের মোকাবিলা করতেন, তাহলে এই বৈঠকের দৃশ্যপট এতটা তাৎপর্যপূর্ণ হতো না। কিন্তু মার্কিন মিত্রদের প্রতি অবজ্ঞা দেখান ট্রাম্প। অন্যদিকে, শি ও পুতিনের কঠোর শাসনব্যবস্থার প্রতি তাঁর প্রশংসা রয়েছে। প্রায়ই তিনি তাদের কর্মকাণ্ডের পক্ষে সাফাই দেন কিংবা তাদের অসন্তুষ্ট করতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে চলেন।
এশিয়া সফরে যাওয়ার আগে ট্রাম্প বলেন, ইউক্রেনের বেসামরিক মানুষের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়া পুতিন সংযম দেখাচ্ছেন। চাইলে তিনি আরও ‘অনেক কঠোর’ হতে পারতেন। চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে উন্নত সেমিকন্ডাক্টর চিপ নিয়ে চলমান বিতর্কেও কেন তিনি বেইজিংয়ের মুখোমুখি হচ্ছেন না, তার ব্যাখ্যায় ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না, সেখানে যাওয়ার ঠিক আগে চীনকে অপমান করা উচিত।’
যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের সঙ্গে আলোচনা করা এবং তাদের তুষ্ট করার মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। শেনজেনের বৈঠক সেই সীমারেখাই পরীক্ষা করতে পারে। একদিকে বৃহৎ শক্তিগুলোর মধ্যে উত্তেজনা কমাতে কার্যকর কূটনীতির সুযোগ রয়েছে, অন্যদিকে দুই স্বৈরশাসক এবং তাদের মতো হতে আগ্রহী একজন মার্কিন প্রেসিডেন্টের পারস্পরিক ঘনিষ্ঠতা প্রদর্শনের মঞ্চও হয়ে উঠতে পারে এটি।
ট্রাম্পের সমালোচকরা মনে করেন, তিনি আলোচনার মূল বিষয়বস্তুর চেয়ে জাঁকজমক ও আনুষ্ঠানিকতাকে বেশি গুরুত্ব দেন। চতুর আলোচকরা তাঁকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান, আর ট্রাম্প তাদের প্রশংসায় মুগ্ধ হন। প্রথম মেয়াদে শি, পুতিন ও কিমের সঙ্গে তাঁর বৈঠকগুলো দেখতে আকর্ষণীয় হলেও সেগুলো থেকে উল্লেখযোগ্য ফল আসেনি। শেনজেনের বৈঠক থেকেও বড় কোনো অগ্রগতি প্রত্যাশা করা হচ্ছে না। ট্রাম্প বলেছেন, নেতারা পারমাণবিক অস্ত্র, ইরান ও ইউক্রেন নিয়ে আলোচনা করতে পারেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের ধৈর্য ধরে প্রস্তুতি নেওয়া কিংবা মিত্রদের সঙ্গে নিবিড় পরামর্শ করার আগ্রহ কম।
সিএনএনের বিশ্লেষণ বলছে, পারমাণবিক অস্ত্রভান্ডারের আকার বাদ দিলে যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় অনেক দুর্বল শক্তি রাশিয়া। দেশটি সাবেক সোভিয়েত ইউনিয়নের অবশিষ্ট অংশ মাত্র। তা সত্ত্বেও ট্রাম্প প্রায়ই পুতিনকে অতিরিক্ত গুরুত্ব দেন।
যে ভূমিকা রাখতে পারে বৈঠক
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পারমাণবিক শক্তিগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও বৈঠকের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। বিশ্ব পরিস্থিতি এখন মোটেও স্থিতিশীল নয়। তিন নেতার প্রত্যেকেরই ইউক্রেন, ইরান ও তাইওয়ানকে ঘিরে বিপজ্জনক আঞ্চলিক বিরোধে স্বার্থ জড়িত রয়েছে। এসব সংঘাত থেকে বড় ধরনের বৈশ্বিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কার্যকর একটি শীর্ষ বৈঠক এসব উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমিত করতে পারে। এমনকি মহাকাশে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা ঠেকাতেও ভূমিকা রাখতে পারে।
ব্রাউন ইউনিভার্সিটির চায়না ইনিশিয়েটিভের নেতৃত্ব দেওয়া লাইল গোল্ডস্টেইন বলেন, ‘আমি শীর্ষ বৈঠক, আলোচনা ও পারস্পরিক যোগাযোগের পক্ষে।’ তাঁর মতে, ট্রাম্প ও শির সম্পর্ক আন্তরিক বলেই মনে হয়। তিনি আরও বলেন, ‘বাস্তবতা হলো, ব্যক্তিগত বোঝাপড়া গুরুত্বপূর্ণ। ট্রাম্প ও শির মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে।’ সিএনএন বলছে, হঠাৎ কোনো সংকট দেখা দিলে বৃহত্তর সংঘাত এড়াতে এই ব্যক্তিগত সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
মতামত