ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লগইন ম্যাগাজিন
EN
দৈনিক আমাদের সকাল

তথ্য-প্রযুক্তি

২০৩০ সাল নাগাদ ডেটা সেন্টার খাতে কার্বন নিঃসরণ বাড়বে ৭০ শতাংশ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত প্রসারে বিশ্বজুড়ে বাড়ছে ডেটা সেন্টারের সংখ্যা। এসব কেন্দ্র পরিচালনায় প্রয়োজন বিপুল পরিমাণ বিদ্যুৎ। এ চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপরও নির্ভরতা বাড়ছে বিভিন্ন দেশে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীন এক্ষেত্রে কয়লা এবং প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পথে হাঁটছে। ফলে ২০৩০ সাল নাগাদ ডেটা সেন্টার খাত থেকে কার্বন নিঃসরণ বর্তমানের তুলনায় ৭০ শতাংশ বেড়ে যেতে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) গতকাল প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।আইইএর হিসাব অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ বিশ্বজুড়ে ডেটা সেন্টারের বিদ্যুৎ ব্যবহার বর্তমানের তুলনায় দ্বিগুণ হবে। সংস্থাটির পূর্বাভাস বলছে, আগামী চার বছরে শুধু এআই ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা বছরে বাড়বে অতিরিক্ত ৩৫০ টেরাওয়াট ঘণ্টা। বিদ্যুতের এ পরিমাণ যুক্তরাজ্যের এক বছরের মোট ব্যবহারের চেয়েও বেশি।এআই প্রযুক্তির বিকাশ ও ব্যবহার বাড়ায় প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্বজুড়ে বড় আকারের ডেটা সেন্টার নির্মাণ করছে। এসব স্থাপনায় বসছে বিপুলসংখ্যক সার্ভার। এগুলো তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও এআই মডেল পরিচালনার কাজ করে। ফলে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদাও দ্রুত বাড়ছে।আইইএর তথ্যানুযায়ী, ২০২০ সালের তুলনায় সম্প্রতি বিশ্ববাজারে এআই সার্ভার সরবরাহ বেড়েছে ১৮ গুণ। একই সঙ্গে স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে বিশ্বের ৯৩টি বড় এআই স্থাপনা বা ‘এআই ফ্যাক্টরি’র নির্মাণ অগ্রগতিও পর্যবেক্ষণ করেছে সংস্থাটি।বিশ্লেষণ অনুযায়ী, গত দুই বছরে বিশ্বে ডেটা সেন্টারের সক্ষমতা বেড়েছে ১০ গুণ। বর্তমানে এ সক্ষমতা ১৭ গিগাওয়াটে পৌঁছেছে। নির্মাণাধীন বড় এআই স্থাপনাগুলোর কাজ শেষ হলে সেগুলোর সম্মিলিত সক্ষমতা প্রায় ৫০ গিগাওয়াটে দাঁড়াতে পারে।বর্তমানে এআই-উপযোগী সার্ভারসহ বিশ্বের চালু ডেটা সেন্টারগুলোর মোট সক্ষমতা ১২০ গিগাওয়াট। এর ৮০ শতাংশই রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)। আইইএর পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে আরো ১২০ গিগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার নির্মিত হবে। এর প্রায় তিন-চতুর্থাংশই হবে এআই ডেটা সেন্টার।ডেটা সেন্টার পরিচালনায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার হলেও জীবাশ্ম জ্বালানির চাহিদা আরো দ্রুত বাড়বে বলে মনে করছে আইইএ। বিশেষ করে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনে এ প্রবণতা বেশি দেখা গেছে। ২০৩০ সালের মধ্যে চীনের এআই ডেটা সেন্টারগুলোর বিদ্যুতের প্রায় অর্ধেক কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আসবে বলে জানায় সংস্থাটি। বাকি বিদ্যুতের বড় অংশ সরবরাহ করবে নবায়নযোগ্য জ্বালানি। পাশাপাশি পারমাণবিক শক্তি থেকেও কিছু বিদ্যুৎ পাওয়া যাবে। তবে গ্যাসভিত্তিক বিদ্যুতের ব্যবহার থাকবে খুবই কম।অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা মেটাতে প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরতা বাড়বে। ২০৩০ সাল নাগাদ দেশটির ডেটা সেন্টারগুলোর প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় ৬০ শতাংশ গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে আসতে পারে। আইইএর তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টারের বিদ্যুৎ সরবরাহের জন্য প্রায় ১৮০ গিগাওয়াট সক্ষমতার নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ছিল। এ সক্ষমতা ইইউতে বর্তমানে স্থাপিত মোট গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার কাছাকাছি।ডেটা সেন্টারের জন্য গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে যুক্তরাষ্ট্রের আগ্রহ অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি। তবে যুক্তরাষ্ট্র ও চীনের বাইরে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানির ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। ইইউতে ২০৩০ সাল নাগাদ ডেটা সেন্টারের মোট বিদ্যুতের প্রায় ৭০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আইইএ। বাকি চাহিদার বড় অংশ পূরণ হবে পারমাণবিক ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ দিয়ে। কয়লার ব্যবহার থাকবে খুবই সীমিত।ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও অনিশ্চয়তা বাড়ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ও বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাকে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে আইইএ। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল মনে করেন, বৈশ্বিক জ্বালানি খাতের জন্য সংকটের আগের অবস্থায় ফিরে যাওয়ার বাস্তবসম্মত কোনো পথ নেই।

২০৩০ সাল নাগাদ ডেটা সেন্টার খাতে কার্বন নিঃসরণ বাড়বে ৭০ শতাংশ