মিয়ানমার রোহিঙ্গাদের রাষ্ট্রীয়ভাবে গণহত্যা চালিয়েছে
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ২০১৭ সালে উত্তর রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর রাষ্ট্রীয়ভাবে গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। গতকাল নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর উল্লেখযোগ্য একটি অংশকে ধ্বংসের উদ্দেশ্যে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা ও গুরুতর শারীরিক-মানসিক নির্যাতন চালিয়েছে মিয়ানমার। আইসিজের ইতিহাসে এবারই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের জন্য দায়ী করা হলো।গাম্বিয়ার করা মামলায় ১৫ বিচারকের বেঞ্চ নয়-ছয় ভোটে গণহত্যার দায় নির্ধারণ করেন। আদালতের সভাপতি বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় পড়ে শোনান। আদালত বলেন, অভিযানে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের ওপর চরম নির্যাতন চালানো হয়েছে। বাংলাদেশে পালিয়ে আসার সময়ও রোহিঙ্গাদের ওপর হামলা করেছে নিরাপত্তা বাহিনী। অভিযানে অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশন যে হিসাব দিয়েছিল, আদালতের মতে তা মামলার প্রমাণে সমর্থিত।মিয়ানমারকে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি বাস্তুচ্যুতদের নিজ বসতিতে নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে ফেরার ব্যবস্থা করতে বলেছেন আদালত। বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনেও সহায়তা করতে হবে। যাদের বাড়িঘর ও সম্পত্তি নষ্ট হয়েছে, তাদের সম্পত্তি ফেরত দিতে হবে অথবা সমতুল্য সম্পত্তির ব্যবস্থা করতে হবে। এসব নির্দেশ বাস্তবায়নে কী পদক্ষেপ নেয়া হয়েছে এবং ক্ষতিপূরণ কীভাবে দেয়া হবে, সে বিষয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে।গতকাল কক্সবাজারের একটি আশ্রয়শিবিরে টেলিভিশনের পর্দায় সরাসরি রায় ঘোষণার দৃশ্য দেখেন রোহিঙ্গারা। আদালত গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করার পর উল্লাসে ফেটে পড়ে তারা। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ‘প্রায় এক দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন রোহিঙ্গারা। আইসিজের রায় নিয়ে তাদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। অনুকূল রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং নিজ দেশে ফেরার পথ তৈরিতে ভূমিকা রাখবে।’ ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা নে সান লুইন মনে করেন, রোহিঙ্গাদের জন্য প্রকৃত ন্যায়বিচার শুধু আদালতের রায়ে সীমাবদ্ধ থাকতে পারে না। তাদের পরিচয়ের স্বীকৃতি, নাগরিকত্ব, হারানো অধিকার ফিরে পাওয়া এবং নিজ দেশে নিরাপদে বসবাসের নিশ্চয়তাও ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ অংশ।তবে বিশেষজ্ঞরা বলছেন, রোহিঙ্গাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন এখনো প্রত্যাবাসন। আদালতের রায় সরাসরি নাগরিকত্ব নিশ্চিত করবে না, এমনকি দেশে ফেরার সময়ও নির্ধারণ করে দেবে না। রাখাইনে নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত না হলে স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের পথ তৈরি হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক নাসির উদ্দিন বণিক বার্তাকে বলেন, ‘আইসিজের অনুকূল রায় রোহিঙ্গাদের দাবির পক্ষে শক্তিশালী আন্তর্জাতিক আইনি ভিত্তি তৈরি করতে পারে। তবে রায়ের পর পরই প্রত্যাবাসন শুরু হবে, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। এ ধরনের পরিবর্তনের জন্য সময় প্রয়োজন।তবে আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, ‘মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গাদের বহিরাগত হিসেবে উপস্থাপনের বয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ভিত্তি তৈরিতেও এটি সহায়ক হতে পারে।’আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৭ সালের অভিযানের আগের কয়েক দশকে মিয়ানমারের নাগরিকত্বসংক্রান্ত আইন ও প্রশাসনিক ব্যবস্থার প্রয়োগে রোহিঙ্গাদের নাগরিক ও রাজনৈতিক অধিকার ক্রমে সংকুচিত হয়েছে। ২০১২ সালে সাম্প্রদায়িক সহিংসতার পর সংবাদমাধ্যম, ধর্মীয় বক্তব্য ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রচারে রোহিঙ্গাদের হেয় করার প্রবণতা বেড়ে যায়। সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোতেও তাদের বিদেশী অনুপ্রবেশকারী ও অন্য জনগোষ্ঠীর জন্য হুমকি হিসেবে তুলে ধরা হতো।২০১৬ সালের অক্টোবরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) মিয়ানমারের সীমান্ত পুলিশের তিনটি সদর দপ্তরে হামলা চালায়। সে হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। পরের বছরের ২৫ আগস্ট উত্তর রাখাইনে নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০টি চৌকিতে সমন্বিত হামলা চালায় আরসা। একই দিন রোহিঙ্গা গ্রামগুলোয় শুরু হয় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’। মিয়ানমারের দাবি, ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সে অভিযান শেষ হয়েছিল। আদালত প্রমাণ পেয়েছেন, ওই তারিখের পরও অভিযানের লক্ষ্যবস্তু হওয়া গ্রামগুলোয় অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চলেছে।১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরি কিংবা আংশিকভাবে ধ্বংস করার বিশেষ উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু অপরাধ সংঘটিত হলে তা গণহত্যা হিসেবে গণ্য হয়। রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে আদালত বলেন, তারা এ সনদের সুরক্ষার আওতাভুক্ত।আদালত সনদের দ্বিতীয় অনুচ্ছেদের আওতায় তিন ধরনের অপরাধ প্রমাণিত বলে রায় দিয়েছেন। সেগুলো হলো গোষ্ঠীর সদস্যদের হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি এবং গোষ্ঠীর মধ্যে জন্ম রোধের উদ্দেশ্যে ব্যবস্থা আরোপ। শেষোক্ত সিদ্ধান্তে পৌঁছতে মংডুতে রোহিঙ্গাদের বিয়ে ও সন্তান নেয়ার ওপর বিধিনিষেধ, শিশুদের জন্মনিবন্ধন থেকে বঞ্চিত করা এবং অভিযানে অন্তত ১ হাজার ৮৩৪টি ধর্ষণের ঘটনা একসঙ্গে বিবেচনা করেছেন আদালত।নিরাপত্তা বাহিনীর পাশাপাশি অভিযানে অংশ নেয়া অন্য ব্যক্তিদের গণহত্যা ঠেকাতেও মিয়ানমার ব্যর্থ হয়েছে বলে নয়-ছয় ভোটে সিদ্ধান্ত দেন আদালত। গণহত্যা ও সনদে উল্লেখ করা অন্যান্য অপরাধের জন্য দায়ীদের শাস্তি দেয়ার বাধ্যবাধকতা লঙ্ঘনের সিদ্ধান্ত আসে ১১-৪ ভোটে। সনদ কার্যকর করার মতো আইন প্রণয়নের নির্দেশ দেয়া হয় ১৪-১ ভোটে। ১৩-২ ভোটে আদালত বলেন, ২০১৭ সালের অভিযানে সনদে নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত বলে যাদের সন্দেহ করার যুক্তিসংগত কারণ রয়েছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্ত করতে হবে। তদন্তে ভিত্তি পাওয়া গেলে বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গাবিদ্বেষী প্রচারের প্রমাণ পেলেও রাষ্ট্রীয় কর্তৃপক্ষ জনসমক্ষে সরাসরি বেসরকারি ব্যক্তিদের গণহত্যায় উসকানি দিয়েছিল বলে গাম্বিয়ার নির্দিষ্ট দাবিটি আদালতে প্রমাণ হয়নি। গণহত্যার আলামত সংরক্ষণেও মিয়ানমার আদালতের আদেশ লঙ্ঘন করেছে বলে রায়ে উল্লেখ করা হয়।আইসিজের রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমারকে নিন্দা জানানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এ রায়কে ইতিবাচক হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এর মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি বাংলাদেশের জন্যও ইতিবাচক প্রভাব তৈরির সুযোগ রয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, ‘এ রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষতিপূরণের বিষয়টিও উঠে এসেছে। একই সঙ্গে এ সংকটের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ক্ষতিপূরণ বা ইতিবাচক ফলাফলের সম্ভাবনা রয়েছে।’মামলার শুনানিতে গণহত্যার অভিযোগ অস্বীকার করে মিয়ানমার বলেছিল, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবেই রাখাইনে অভিযান চালিয়েছিল দেশটির নিরাপত্তা বাহিনী। তবে রায় ঘোষণার পরপর মিয়ানমার সরকারের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্য হেগে আদালত থেকে বের হওয়ার সময় বিবিসি বার্মিজ সার্ভিস এ বিষয়ে জানতে চাইলে মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইং বলেন, ‘কোনো মন্তব্য নেই।’জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, মামলার পক্ষ হিসেবে মিয়ানমার এ রায় মানতে বাধ্য। তবে রায় অমান্য করলেই স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা বা অন্য কোনো শাস্তি কার্যকর হবে না। পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের ওপর। দেশটি রায় অনুযায়ী পদক্ষেপ নিতে ব্যর্থ হলে মামলার বাদী গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। সেক্ষেত্রে পরিষদ প্রয়োজন মনে করলে রায় কার্যকরে সুপারিশ করতে পারে কিংবা কী ব্যবস্থা নেয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে বাস্তব পদক্ষেপে রূপ দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আদালত মিয়ানমারের দায়িত্ব স্পষ্ট করে দিয়েছেন। এ রায় বিশ্বের সব রাষ্ট্রকে জোরালো বার্তা দিয়েছে যে গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।’ রোহিঙ্গাদের ওপর চাপিয়ে দেয়া যন্ত্রণা, দুর্দশা ও অপমানকে ‘মানবতার বিবেকের ওপর এক কলঙ্ক’ আখ্যা দিয়ে তিনি ক্ষতিপূরণ প্রদান ও গণহত্যা থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে সমর্থন দিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান।এদিকে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানান, মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকেও তলব করা হচ্ছে। গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে কয়েক দিনের মধ্যে আরো পদক্ষেপের ঘোষণা দেবে যুক্তরাজ্য। এর আগে দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আবারো নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।