বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক ফুটবলার দিনো সানির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির ফুটবল অঙ্গনে। ৯৪ বছর বয়সে মারা গেছেন ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।
১৯৫৮ সালের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সানি ছিলেন জীবিত বিশ্বকাপজয়ীদের মধ্যে সবচেয়ে প্রবীণ।
সুইডেনে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছিলেন এই মিডফিল্ডার। এর মধ্যে গোটেনবার্গে ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচটিও ছিল।
ক্লাব ফুটবলে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে খেলেছেন সানি। পরে ইতালির এসি মিলানের হয়ে জিতেছেন সিরি আ শিরোপা ও ইউরোপিয়ান কাপ।
খেলোয়াড়ি জীবন শেষে ব্রাজিলের বেশ কয়েকটি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি উরুগুয়ের পেনারোলকে কোচিং করিয়ে দুটি লিগ শিরোপা জেতান। কাতার জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই কিংবদন্তি। ১৫ নভেম্বর রবিবার তার মৃত্যুর পর দ্রুতই শোক প্রকাশ করে ব্রাজিলের ফুটবল সংস্থা।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, 'দিনো সানির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের অভিযানে তিনি ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য।'
বিবৃতিতে আরও বলা হয়, 'দিনো সানি রেখে গেছেন অসংখ্য সাফল্য এবং এমন এক ইতিহাস, যা ব্রাজিলের ফুটবল অঙ্গনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আমাদের গভীর সমবেদনা। শান্তিতে ঘুমান, চ্যাম্পিয়ন।'
ব্রাজিলের হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সানি। করেছেন একটি গোল। ১৯৫৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিদায়েও পরোক্ষ ভূমিকা ছিল তার দলের।
ওয়াল্টার উইন্টারবটমের অধীনে ইংল্যান্ড গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই ড্র করেছিল। সোভিয়েত ইউনিয়ন ও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দুটি শেষ হয়েছিল ২-২ গোলে।
গ্রুপ পর্ব শেষে পয়েন্ট ও গোল ব্যবধানে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সমান অবস্থানে ছিল ইংল্যান্ড। তবে প্লে-অফ ম্যাচে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের।
১৯৬৮ সালে করিন্থিয়ানসের হয়ে খেলার পর বুটজোড়া তুলে রাখেন সানি। পরবর্তী সময়ে দুবার ব্রাজিলের এই শক্তিশালী ক্লাবটির প্রধান কোচের দায়িত্বও পালন করেন তিনি।
অবসরের ঘোষণা দেওয়ার দুই বছর আগেই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন ব্রাজিলের এই কিংবদন্তি।
মতামত